এলপিজির অনিয়ম রুখতে কঠোর সরকার: তথ্য উপদেষ্টা

আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের অস্থিরতা ও দেশের সামগ্রিক বাজার পরিস্থিতি বিবেচনায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য সমন্বয় করতে সরকার বাধ্য হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তবে সরকার নির্ধারিত দামে গ্রাহকেরা এলপিজি পাচ্ছেন কি না, তা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের (ডিসি) বাজারে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।  

জাহেদ উর রহমান বলেন, 'এলপিজির মূল্য সমন্বয় করতে বাধ্য হয়েছে সরকার। তবে নির্ধারিত দামেও এলপিজি না পাওয়া গেলে নজরদারি বাড়াতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।' 

তিনি জানান, খোলা বাজারে এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত মূল্যে এলপিজি ও অটোগ্যাস বিক্রি নিশ্চিত করতে মাঠ প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

বাজারে অনিয়ম ও অবৈধ মজুতের বিরুদ্ধেও ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান তথ্য উপদেষ্টা। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি, কৃত্রিম সংকট তৈরি কিংবা অবৈধভাবে মজুতের অভিযোগে জরিমানা ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান আরও জোরদার করা হচ্ছে।

ব্রিফিংয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অগ্রগতির বিষয়েও তথ্য দেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানান, গত ২ অক্টোবর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি দেশে এসে পৌঁছেছে। 

সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, প্রকল্পগুলোর বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনা করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলো প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা এবং তথ্য অধিদপ্তরের সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার মো. জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।