ভোলার বোরহানউদ্দিনে মোটরসাইকেল ও পিকআপভ্যানের সংঘর্ষে রাফা আক্তার নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা সোহেল (৩৫) গুরুতর আহত হয়ে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের কুঞ্জেরহাট সংলগ্ন বৈদ্যেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সোহেল লালমোহন বাজারের ব্যবসায়ী ফিরোজ হোসেনের জ্যেষ্ঠ ছেলে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে মেয়েকে নিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন সোহেল। বৈদ্যেরপুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে বাবা-মেয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক রাফাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর পিকআপভ্যানটি আটক করে পুলিশ। চালক পালিয়ে গেছেন।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাব আলী বলেন, দুর্ঘটনাকবলিত পিকআপভ্যানটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।