রোহিঙ্গাদের নিজ ভূমি মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে যুক্তরাজ্যের বাংলাদেশবিষয়ক অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি)। মানবিক সহায়তা অব্যাহত রাখা এবং টেকসই প্রত্যাবাসনের জন্য যুক্তরাজ্যের পার্লামেন্টসহ আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে সোচ্চার থাকার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিনিধি দলটি।
মঙ্গলবার (৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এপিপিজির চেয়ার ও ব্রিটিশ এমপি আফসানা বেগমের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। সাক্ষাতে রোহিঙ্গা সংকট, বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক এবং দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। প্রতিনিধি দলে যুক্তরাজ্যের এমপি শকাত আদম এবং হাউস অব লর্ডসের সদস্য লর্ড কুরবান হোসেন ছিলেন।
সাক্ষাৎকালে হুমায়ুন কবির বলেন, দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট এখন আর শুধু মানবিক সমস্যা নয়। এর সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা ও অনিয়মিত অভিবাসনের মতো বৃহত্তর বিষয়ও জড়িয়ে পড়েছে। তাই রোহিঙ্গাদের দ্রুত নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ও জোরালো উদ্যোগ প্রয়োজন।
প্রতিমন্ত্রী বাংলাদেশের গণতান্ত্রিক সংহতি ও সংস্কার কার্যক্রমে যুক্তরাজ্য সরকারের সহযোগিতার বিষয়টিও তুলে ধরেন। তিনি বলেন, যুক্তরাজ্যের পার্লামেন্ট, বাংলাদেশ এবং ব্রিটিশ-বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে সেতুবন্ধ হিসেবে এপিপিজি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশের অগ্রগতি ও বাস্তব পরিস্থিতি যুক্তরাজ্যের পার্লামেন্টে তুলে ধরতে এপিপিজির আরও সহযোগিতা চান তিনি।
বৈঠকে জানানো হয়, প্রতিনিধি দলটি বুধবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে। রোহিঙ্গা জনগোষ্ঠীর দুর্ভোগ সরেজমিনে দেখার পাশাপাশি সংকটের বাস্তবতা সম্পর্কে ধারণা নেওয়ার কথা রয়েছে তাদের।
রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়ে এপিপিজির সদস্যরা বলেন, মানবিক সহায়তা অব্যাহত রাখা এবং রোহিঙ্গাদের নিজ ভূমিতে টেকসই প্রত্যাবাসনের জন্য তারা যুক্তরাজ্যের পার্লামেন্টসহ বিভিন্ন আন্তর্জাতিক ব্যবস্থায় তাদের কণ্ঠস্বর তুলে ধরবেন।
এ ছাড়া বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা ও পারস্পরিক যোগাযোগ বাড়ানো, বাণিজ্য ও বিনিয়োগ, অভিবাসন, দক্ষ জনশক্তি ব্যবস্থাপনা, মানবাধিকার এবং গণতান্ত্রিক সংহতিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতেও মতবিনিময় করেন দুই পক্ষ। দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিভিন্ন চ্যানেলে ভবিষ্যতে সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন তারা।