আনোয়ারায় অস্ত্র উঁচিয়ে ভাইরাল হওয়া 'বুলেট শিবলু' গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় অস্ত্র হাতে মহড়া দিয়ে আলোচনায় আসা মো. শিবলু ওরফে বুলেট শিবলুকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) ভোররাতে উপজেলার হাইলধর ইউনিয়নের হেটিখাইন গ্রামের পূর্বপাড়া এলাকার শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শিবলু উপজেলার নাছির মেম্বারের বাড়ির আবুল হাসেমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রাম নগরীর ষোলশহর এলাকায় শিক্ষার্থীদের সমাবেশে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনায় গত ৫ সেপ্টেম্বর নগরীর পাঁচলাইশ মডেল থানায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে (৪০) প্রধান আসামি করে ৯৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন ছাত্রদল নেতা জিয়াউল হক জোনাইদ। গ্রেপ্তার শিবলু ওই মামলার ৬৯ নম্বর এজাহারনামীয় আসামি।

এ ছাড়া আনোয়ারা থানায় এক মাদরাসা শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় স্থানীয় বাসিন্দাদের ওপর দুই দফায় হামলার ঘটনা ঘটে। ওই মামলারও ১ নম্বর আসামি শিবলু। সম্প্রতি ঈদের ছুটিতে গ্রামে আসা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্সে কর্মরত সদস্য মো. আরিফুল ইসলামকে মারধর, মোবাইল ফোন ছিনতাই ও হেনস্তার অভিযোগ রয়েছে তার ও তার সহযোগীদের বিরুদ্ধে।

স্থানীয়রা জানান, গতবছরের ২৮ ফেব্রুয়ারি অস্ত্র হাতে শিবলুর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনি কিছুদিন আত্মগোপনে ছিলেন। পরে স্থানীয় রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে এলাকায় ফিরে তিনি একটি শক্তিশালী কিশোর গ্যাং গড়ে তোলেন। প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দিলেও ভয়ে কেউ মুখ খুলতে সাহস পেত না। রাত নামলেই শিবলু ও তার বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠত এলাকাবাসী।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, গ্রেপ্তার শিবলুর কাছে কোনো অস্ত্র পাওয়া যায়নি। তার বিরুদ্ধে আরও অপরাধ কর্মকাণ্ডের অভিযোগ থাকতে পারে। যাচাই-বাছাই করে তাকে আদালতে পাঠানো হবে।