গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের পার্টস চুরির অভিযোগকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইটের আঘাতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
আহতরা কেউ হাসপাতালে চিকিৎসা নিতে যাননি। বিভিন্ন গ্রাম্য চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ডে গিমাডাঙ্গা ও শ্রীরামকান্দি গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে টুঙ্গিপাড়া-গোপালগঞ্জ সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়ায় অংশ নেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুই দিন আগে গিমাডাঙ্গা চরপাড়া গ্রামের রোমান শেখের মোটরসাইকেলের পার্টস চুরি হয়। এ ঘটনায় গওহরডাঙ্গা গ্রামের তুহিন ও হাসানের বিরুদ্ধে চুরির অভিযোগ ওঠে। মঙ্গলবার তাদের ধরে জিজ্ঞাসাবাদ করা হলে তারা শ্রীরামকান্দি গ্রামের লোকজনকে ডাকেন। পরে গওহরডাঙ্গা ও শ্রীরামকান্দি গ্রামের লোকজন একত্রিত হয়ে গিমাডাঙ্গা গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হয়।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি।