মৃধাবাড়ি ওয়াসা থেকে কাজলা পর্যন্ত ফুটপাত ও সড়ক দখলমুক্ত করল ডিএসসিসি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৬৩ নম্বর ওয়ার্ডের মৃধাবাড়ি ওয়াসা থেকে কাজলা পর্যন্ত সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।

মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম (১৬৮৪৭)-এর নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে সড়ক ও ফুটপাত দখল করে স্থাপিত বিভিন্ন অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে সড়কের ওপর অবৈধভাবে রাখা বিভিন্ন মালামাল অপসারণ করে জনসাধারণের চলাচলের পথ উন্মুক্ত করা হয়।

অবৈধভাবে দোকান পরিচালনা এবং সড়কের ওপর মালামাল রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে চারটি মামলায় মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

উচ্ছেদ অভিযানে স্থানীয় বিএনপি নেতা নবী উল্লাহ নবী এবং যাত্রাবাড়ী থানার টিআই সাইফুল ইসলাম ও এসআই কামাল হোসেনের নেতৃত্বে ডেমরা পুলিশ ব্যারাকের সদস্যরা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সার্বিক সহযোগিতা করেন।

ডিএসসিসি জানিয়েছে, নগরবাসীর নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখার লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। জনসাধারণের চলাচলের পথ দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ, দোকান পরিচালনা কিংবা সড়কে মালামাল রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।