বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড

বর্ষসেরা রিপোর্টের খোঁজে ডিআরইউ

প্রতিবছরের মতো এবারও বর্ষসেরা রিপোর্টের জন্য পুরস্কার দেবে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। এবার আয়োজন করা হয়েছে ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৬’। ডিআরইউর এ আয়োজনে এবার যুক্ত হয়েছে দেশের অন্যতম বৃহৎ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান নগদ।

মঙ্গলবার ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে পুরস্কার আয়োজনের বিস্তারিত তুলে ধরা হয়।

এ বছর প্রিন্ট, অনলাইন এবং টেলিভিশন ও রেডিও—দুই বিভাগে মোট ২৬টি ক্যাটাগরিতে সেরা রিপোর্টের জন্য পুরস্কার দেওয়া হবে। ডিআরইউর সদস্য সাংবাদিকদের ২০২৫ সালের ১ অক্টোবর থেকে ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রকাশিত ও প্রচারিত প্রতিবেদন এ পুরস্কারের জন্য জমা দেওয়া যাবে। প্রতিবেদন জমা দেওয়ার শেষ সময় ১৪ অক্টোবর।

সংবাদ সম্মেলনে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, ‘একটি ভালো রিপোর্ট শুধু একটি সংবাদ নয়, অনেক সময় সেটি হয়ে ওঠে সময়ের দলিল।’

তিনি বলেন, ‘একজন রিপোর্টার মাঠে গিয়ে যে তথ্য সংগ্রহ করেন, মানুষের কথা তুলে ধরেন এবং সত্যকে পাঠকের সামনে নিয়ে আসেন—তার পেছনে থাকে অনেক শ্রম, ঝুঁকি ও দায়িত্ববোধ। সেই কাজের স্বীকৃতি দেওয়ার জন্যই ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডের আয়োজন।’

ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, সংগঠনের সদস্য সাংবাদিকদের ভালো কাজের স্বীকৃতি দেওয়া এবং পেশাগত দায়িত্ব পালনে আরও উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। একজন সাংবাদিকের সৃজনশীলতা, অনুসন্ধানী মনোভাব ও পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবে এ পুরস্কার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নগদের হেড অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস মুহাম্মদ জাহিদুল ইসলাম, অ্যাওয়ার্ডের সমন্বয়ক ও ডিআরইউর সাংগঠনিক সম্পাদক এম এম জসিম, কার্যনির্বাহী কমিটির অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূঁইয়া, কল্যাণ সম্পাদক রফিক মৃধা, কার্যনির্বাহী সদস্য সুমন চৌধুরী প্রমুখ।