ফেনীতে রাসায়নিক রং ব্যবহার করায় আইসক্রিম কারখানায় দেড় লাখ টাকা জরিমানা

ফেনী সদর উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি ও সংরক্ষণের দায়ে ‘ডলফি আইসক্রিম’ কারখানাকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে অসংগতি পাওয়ায় ‘সনি আইসক্রিম’ নামের অপর একটি প্রতিষ্ঠানকে দ্রুত তা সমাধানের নির্দেশ দিয়ে সতর্ক করা হয়েছে।

গত মঙ্গলবার (৫ অক্টোবর) ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তারের নেতৃত্বে এই যৌথ অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনাকালে দেখা যায়, ডলফি আইসক্রিম কারখানায় অননুমোদিত রাসায়নিক রং ব্যবহার করা হচ্ছিল। পাশাপাশি নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী প্রদেয় স্বাস্থ্যবিধি সেখানে মানা হচ্ছিল না। কারখানার খাদ্যকর্মীদের কোনো স্বাস্থ্য সনদ ছিল না এবং স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রেও চরম অসচেতনতা পরিলক্ষিত হয়। এসব অপরাধের প্রেক্ষিতে কারখানা কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং আদায় করা হয়।

একই অভিযানে সনি আইসক্রিম কারখানাতেও নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী নানা অসংগতি ধরা পড়ে। তবে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে সতর্ক করে অসংগতিগুলো সমাধানের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

অভিযান চলাকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য কর্মকর্তা মুহাম্মদ শামসুল আরেফিন, জেলা সদর স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুর রহমান, ফেনী পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক কৃষ্ণময় বণিকসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারীরা অংশ নেন। সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিল জেলা পুলিশের একটি দল।

অভিযান শেষে কারখানাগুলোর মালিক ও কর্মচারীদের প্রচলিত আইন মেনে নিরাপদ খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণের নির্দেশনা প্রদান করা হয়।