ওয়ার্নার ব্রাদার্সকে কিনে নিল প্যারামাউন্ট!

বিশ্ব বিনোদন জগতে নতুন এক যুগের সূচনা হলো।  বহুদিনের আইনি টানাপোড়েন এবং বিতর্ক কাটিয়ে অবশেষে আনুষ্ঠানিকভাবে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি-কে কিনে নিল প্যারামাউন্ট স্কাইডান্স। প্রায় ১১০ বিলিয়ন ডলারের (১১,০০০ কোট টাকা) এই ঐতিহাসিক চুক্তির ফলে মার্কিন বিনোদন দুনিয়ার দুটি সবচেয়ে বড় ও প্রাচীন প্রযোজনা সংস্থা এক ছাতার তলায় এলো। 

নতুন এই বিনোদন সাম্রাজ্যের নামকরণ করা হয়েছে ‘স্কাইডান্স কর্পোরেশন’। এই সংস্থার হাল ধরছেন স্কাইডান্সের প্রতিষ্ঠাতা ডেভিড অ্যালিসন । চেয়ারম্যান ও প্রধান নির্বাহী (সিইও) ডেনিয়েল অ্যালিসন এই চুক্তি সম্পন্ন হওয়াকে চলচ্চিত্র ইতিহাসের একটি ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলে অভিহিত করে জানান, বিশ্বজুড়ে দর্শকদের যেকোনও প্ল্যাটফর্মে সব ধরনের সেরা গল্প উপহার দেওয়াই তাদের মূল লক্ষ্য। 

এত বড় দু'টি সংস্থার এক হয়ে যাওয়া ফলে একাধিক জনপ্রিয় ব্র্যান্ড ও বিখ্যাত সিনেমা ফ্র্যাঞ্চাইজি এখন থেকে একই ছাদের নীচে পাওয়া যাবে - ওটিটি ও টিভি নেটওয়ার্ক: এইচবিও, সিবিএস, নিকোলডিওন, শোটাইম, কমেডি সেন্ট্রাল, ফুড নেটওয়ার্ক এবং বিশ্বখ্যাত সংবাদমাধ্যম সিএনএন। বিখ্যাত সিনেমা ও শো ফ্র্যাঞ্চাইজি: ‘হ্যারি পটার’, ‘গেম অফ থ্রোনস’, ‘দ্য লর্ড অফ দ্য রিংস’, ‘ডি সি স্টুডিওস’ এবং ‘মিশন: ইম্পসিবল’। 

শুরুতে নেটফ্লিক্স এই দৌড়ে থাকলেও প্যারামাউন্টের বিশাল হাঁকানো দামের সামনে তারা সরে দাঁড়ায়। পরবর্তীতে ক্যালিফোর্নিয়া সহ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় এক ডজন রাজ্য এই চুক্তির বিরুদ্ধে আইনি মামলা করে। তাদের অভিযোগ ছিল, দুটি মেগা স্টুডিও এক হলে প্রতিযোগিতার বাজার নষ্ট হবে এবং টিকিটের দাম বাড়বে। তবে গত মাসে একটি বোঝাপড়ার মাধ্যমে এই জটিলতা শেষ হয়।