বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ

দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ৫২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার কেন্দ্রটির ১২৫ মেগাওয়াটের প্রথম ইউনিট ও ২৭৫ মেগাওয়াটের তৃতীয় ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ রয়েছে।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক জানান, বন্ধ হয়ে যাওয়া দুটি ইউনিটের যান্ত্রিক ত্রুটি মেরামতে চীনা হারবিন কোম্পানির একদল প্রকৌশলী কাজ শুরু করেছেন।

তিনি বলেন, গত সোমবার (৫ অক্টোবর) ভোর ৫টা ৫০ মিনিটে প্রথম ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায়। এরপর মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর ৫টা ৫ মিনিটে একই কারণে তৃতীয় ইউনিটের উৎপাদনও বন্ধ হয়ে যায়।

তবে ইউনিট দুটি কবে নাগাদ আবার উৎপাদনে ফিরবে, তা এখনই বলা মুশকিল বলে জানিয়েছেন প্রধান প্রকৌশলী।

কেন্দ্রটির পুরো উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় পার্বতীপুর উপজেলাসহ উত্তরাঞ্চলের আট জেলা বিদ্যুৎহীনতা কিংবা লো-ভোল্টেজের সমস্যায় পড়েছে।

২৭৫ মেগাওয়াট ক্ষমতার তৃতীয় ইউনিট থেকে প্রতিদিন ১৬০ থেকে ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হতো। ইউনিটটি চালু রাখতে প্রতিদিন প্রায় ২ হাজার ৫০০ মেট্রিক টন কয়লা প্রয়োজন হতো।

অন্যদিকে, ১২৫ মেগাওয়াট ক্ষমতার প্রথম ইউনিট থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হতো। এই ইউনিট চালু রাখতে দৈনিক ৮০০ থেকে ৯০০ মেট্রিক টন কয়লা ব্যবহার করা হতো।

এদিকে, তাপবিদ্যুৎ কেন্দ্রটির দ্বিতীয় ইউনিট সংস্কারের জন্য ওভারহোলিংয়ের কাজ শুরু হওয়ায় ২০২০ সালের নভেম্বর থেকে প্রায় পাঁচ বছর ১১ মাস ধরে বন্ধ রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি অক্টোবর মাসের যেকোনো সময় দ্বিতীয় ইউনিটটি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।