রাজধানীর যাত্রাবাড়ীতে কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রমজান (১৫) নামে এক কিশোর হত্যা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- আহনাফ আহাম্মেদ নিরব (১৯) ও মো. সিফাত (১৯)। এ নিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাজু জানান, গত ১৬ এপ্রিল তারিখে কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যাত্রাবাড়ী থানাধীন মঙ্গল বেকারীর সামনে রমজান (১৫) নামে এক কিশোরকে হত্যা করা হয়।
এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মামলা রুজু করা হয়। আসামিদের অবস্থান শনাক্ত করে যাত্রাবাড়ী ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আহনাফ আহাম্মেদ নিরব ও মো. সিফাতকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।