‘জেলার’ সিনেমার অভাবনীয় সাফল্যের পর আসছে ‘জেলার ২’। গতকাল ট্রেলার প্রকাশের পরই দর্শকের প্রত্যাশা তুঙ্গে। আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। ট্রেলারে অনিরুদ্ধর দুর্দান্ত আবহ সংগীতের সঙ্গে চেনা ‘লার্জার দ্যান লাইফ’ অবতারে হাজির হয়েছেন রজনীকান্ত। স্টেনগান হাতে অ্যাকশন আর স্টাইল স্টেটমেন্টের পাশাপাশি শান্ত ভঙ্গিতে শত্রুদের কঠোর হুঁশিয়ারি দিতে দেখা গেছে তাকে। রজনীর সঙ্গে নজর কেড়েছেন মিঠুন চক্রবর্তী ও বিদ্যা বালান। অতিথি চরিত্রে চমক দিয়েছেন মোহনলাল।
ট্রেলার প্রকাশের পরই সামাজিক মাধ্যমে উন্মাদনা ছড়িয়ে পড়েছে ভক্তদের মধ্যে। অনেকের মতে, এই চলচ্চিত্রটিই হাজার কোটি রুপির বক্স অফিস ক্লাবে প্রবেশ করা প্রথম তামিল সিনেমা হতে যাচ্ছে।