ফেডারেশন কাপে শুভসূচনা বসুন্ধরা-মোহামেডানের

বাংলাদেশ ফুটবল লিগে শুরুটা আশানুরূপ হয়নি বসুন্ধরা কিংসের। প্রথম ম্যাচে আরামবাগের সঙ্গে পয়েন্ট ভাগ করতে হয়েছিল পাঁচবারের চ্যাম্পিয়নদের। তবে ফেডারেশন কাপে নিজেদের প্রথম ম্যাচেই সেই হতাশা কাটিয়েছে কিংস। ঢাকা ওয়ান্ডারার্সকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে তারা। মুন্সীগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল কিংসের হাতে। বল দখল, আক্রমণ ও গোলের সুযোগ তৈরিতে প্রতিপক্ষের চেয়ে অনেক এগিয়ে ছিল তারা। প্রায় ৭০ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখে ওয়ান্ডারার্সের রক্ষণে একের পর এক চাপ তৈরি করে কিংস।

পুরো ম্যাচে ওয়ান্ডারার্সের গোলমুখে ১৬টি শট নেয় কিংস, যার সাতটি ছিল লক্ষ্যে। প্রতিপক্ষের গোলরক্ষক দুটি শট ঠেকাতে পারলেও বাকি পাঁচটি ঠেকাতে পারেননি। কিংসের হয়ে গোলের সূচনা করেন কয়েক বছর কলকাতার ইস্টবেঙ্গল ক্লাবে খেলে বসুন্ধরায় ফেরা ব্রাজিলায় রবসন রবিনহো। জোড়া গোল করেন মিডফিল্ডার সাব্বির হোসেন। একটি করে গোল করেছেন আলমগীর মোল্লা ও মোহাম্মদ আবদুল্লাহ।

একই দিনে বি-গ্রুপের আরেক ম্যাচে আরামবাগকে ৩-১ গোলে হারিয়েছে মোহামেডান। গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে ম্যাচের ১৬ মিনিটেই পিছিয়ে পড়ে সাদা-কালোরা। আরামবাগের ঘানার মিডফিল্ডার সুরাজ রাইয়িস গোল করে দলকে এগিয়ে দেন। ৩৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন সুলেমান দিয়াবাতে। কিন্তু দ্বিতীয়ার্ধে অবশ্য ম্যাচের চিত্র পাল্টে যায়। ৫৭ মিনিটে সৌরভ দেওয়ান গোল করে মোহামেডানকে সমতায় ফেরান। ৭৪ মিনিটে মোহাম্মদ সোহেল রানার গোলে এগিয়ে যায় তারা। যোগ করা সময়ে দিয়াবাতের গোলে জয় নিশ্চিত হয় মোহামেডানের। জয়ে শুরু করায় মোহামেডান কোয়ালিফায়ার্সে যাওয়ার পথটা সুগম করে রাখল। মোহামেডান বাংলাদেশ ফুটবল লিগের প্রথম ম্যাচে ১-০ গোলে হারায় ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে। আর্জেন্টিনা বংশোদ্ভূত স্প্যানিশ কোচ ফার্নান্দো ভারেলার অধীনে মৌসুম শুরু করে প্রথম দুই ম্যাচই জিতল মোহামেডান।

দিনের আরেক ম্যাচে মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে পুলিশ এফসি ও সিটি ক্লাব ১-১ গোলে ড্র করেছে। ফলে বি- গ্রুপে প্রথম ম্যাচ শেষে বসুন্ধরা কিংস ও মোহামেডানের ঝুলিতে ৩ পয়েন্ট করে। পুলিশ এফসি ও সিটি ক্লাব পেয়েছে ১ পয়েন্ট করে।