অক্টোবর মাসেই দুবার ওমান সফর করবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শুরুতে আফগানিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলতে ১০ অক্টোবর ঢাকা ছাড়বেন যুবারা। সেখান থেকে ২৪ অক্টোবর দেশে ফিরে পাঁচ দিন পর আবারও ওমানে যাবেন তারা। এবার এশিয়া কাপের শিরোপা পুনরুদ্ধারের জন্য লড়বেন অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। মূলত যুবাদের মানসিক স্বাস্থ্য বিবেচনায় পাঁচ দিনের জন্য দেশে ফেরানোর সিদ্ধান্ত বিসিবির।
বাংলাদেশ দলের সামনে সুযোগ ছিল দেশে না ফিরে ওমানেই এশিয়া কাপের জন্য নিজেদের প্রস্তুতি নেওয়ার। যেটি করছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষে এশিয়া কাপ শুরুর আগে যেন তাদের অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের দেশে ফিরতে না হয়, এ জন্য ওমান যুব দলের বিপক্ষে দুটি ওয়ানডে সিরিজের আয়োজন করেছে তারা। লাল-সবুজের প্রতিনিধিরাও শুরুতে এমন একটি পরিকল্পনা করেছিল বলেই জানা গেছে। তবে যুব ক্রিকেটারদের প্রথম বিদেশ সফর যেন বড় না হয়, সে জন্যই এ ভাবনা থেকে সরে এসেছে ক্রিকেট বোর্ড।
এ নিয়ে বিসিবির বয়সভিত্তিক দলের নির্বাচক শামসুর রহমান বলেন, ‘আমাদের এই দলটা নতুন। এখানে বেশিরভাগ ছেলেই প্রথমবার বিদেশে যাবে। আমরা চাচ্ছি, তাদের যেন একটানা বেশি দিন দেশের বাইরে না থাকতে হয়। তাতে মানসিক চাপ কমবে। কয়েক দিনের জন্য ঢাকায় ফিরলেও সমস্যা হবে না। আমরা তো আফগানিস্তানের বিপক্ষে খেলে সেখানকার কন্ডিশন সম্পর্কে ভালো ধারণা পাচ্ছিই।’