অস্ট্রেলিয়ায় প্রস্তুতিতে ধাক্কা জ্যোতিদের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ঐতিহাসিক এ সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে ধাক্কা খেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। কুইন্সল্যান্ড ফায়ারের বিপক্ষে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই সুবিধা করতে পারেননি সফরকারীরা। ৭০ রানের বড় ব্যবধানে হেরে প্রস্তুতি শেষ করেছেন তারা।

গতকাল বৃষ্টির কারণে ম্যাচটি কমে আসে ৩৬ ওভারে। আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৬৬ রান তোলে কুইন্সল্যান্ড ফায়ার। জবাবে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯৬ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। বল হাতে বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল ছিলেন হাবিবা ইসলাম পিংকি। ওয়ানডেতে অভিষেকের অপেক্ষায় থাকা এই ডানহাতি পেসার ৪ উইকেট নিয়েছেন। তবে অন্য বোলাররা রান আটকে রাখতে পারেননি। দলের সাত বোলারের প্রত্যেকেই ওভারপ্রতি ছয়ের বেশি রান দিয়েছেন। মারুফা আক্তার ৮ ওভারে ৬৪ রান খরচ করে ২ উইকেট পান। রাবেয়া খান ৫ ওভারে দেন ৪৬ রান।

রান তাড়ায় শুরুটা অবশ্য একেবারে খারাপ ছিল না বাংলাদেশের। ওপেনার ফারজানা হক ও শারমিন সুলতানা দলকে ভালো সূচনা এনে দেন। তবে সেই শুরু ধরে রাখতে পারেননি তারা। এরপর শারমিন আক্তার সুপ্তা ও সোবহানা মোস্তারি মিলে ইনিংস সামলানোর চেষ্টা করেন। দুজনের ব্যাটে বাংলাদেশের রান এগোতে থাকলেও মাঝের দিকে অধিনায়ক জ্যোতির বিদায় বড় ধাক্কা হয়ে আসে। শূন্য রানেই ফেরেন তিনি। পরে সুপ্তা-মোস্তারির জুটিই বাংলাদেশের ইনিংসকে লড়াইয়ে রাখে।

তবে এ জুটি ভাঙার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশের ব্যাটিং। ৬৮ রানের ইনিংস খেলে দলের পক্ষে সর্বোচ্চ রান করেন সুপ্তা। তার ইনিংসে ছিল ছয়টি বাউন্ডারি। অন্যদিকে ৪৯ রান করে আউট হন মোস্তারি। শেষ দিকে দ্রুত উইকেট হারিয়ে জয়ের সম্ভাবনা থেকে ছিটকে যায় বাংলাদেশ। ১৯৬ রানেই থামে সফরকারীদের ইনিংস।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচের ফল তাই বাংলাদেশকে চিন্তায় ফেলেছে। বিশেষ করে বোলিংয়ে রান খরচ এবং ব্যাটিংয়ের শেষ দিকের ধস নিয়ে বিপাকে সফরকারী।