১০ম গ্রেডে বেতন পাচ্ছেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা

প্রায় ১০ মাসের অপেক্ষার অবসান হতে যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের। পদটি দশম গ্রেডে উন্নীত করার পর এবার নতুন গ্রেড অনুযায়ী বেতন-ভাতা নির্ধারণের পদ্ধতি কার্যকর করতে আদেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। এর ফলে দশম গ্রেড অনুযায়ী বেতন পাওয়ার পথ খুলেছে প্রধান শিক্ষকদের। গতকাল মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়ন-২ অনুবিভাগ থেকে সিনিয়র সহকারী সচিব ফাতেমাতুজ জোহরার সই করা এ আদেশ জারি করা হয়।

আদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১তম গ্রেডভুক্ত প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে নির্ধারণের পদ্ধতি ‘আইবাস++’ সফটওয়্যারে সংযুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।