নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২০

নারায়ণগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ১২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে ৫৭ জন মাদকসেবী, আটজন মাদক ব্যবসায়ী, তিনজন ছিনতাইকারী, ১৯ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১৪ জন নিয়মিত মামলার আসামি, অন্যান্য আইনে চারজন, মোবাইল কোর্টের মাধ্যমে একজন এবং নিষিদ্ধঘোষিত সংগঠনের ১৪ জন সদস্য রয়েছেন।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী ১২০ জন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান অব্যাহত থাকবে।