মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাটাখালী এলাকায় ট্রাকের চাপায় রিওন হোসেন (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু নাফিজ হোসেন আহত হয়েছেন। 

মঙ্গলবার (৬ অক্টোবর) ওই উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিওন হোসেন মহেশপুর উপজেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের রেজাউল ইসলাম মন্টুর ছেলে।

নিহতের স্বজনেরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় মোবাইল ফোন কেনার জন্য বন্ধু নাফিজকে নিয়ে মোটরসাইকেলে করে কালীগঞ্জে গিয়েছিলেন রিওন। কেনাকাটা শেষে রাতে বাড়ি ফেরার পথে কাটাখালী এলাকায় পৌঁছালে পিছন থেকে একটি দ্রুতগতির ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিওনের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নাফিজকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।