বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের ৭ম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা ও স্মরণ সভার আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয়তাবাদী ছাত্রদলসহ বিভিন্ন সংগঠন।
বুধবার (৭ অক্টোবর) বিকেল ৩টায় পুরান ঢাকার পলাশী এলাকায় আগ্রাসনবিরোধী আট স্তম্ভের পাদদেশে স্মরণসভায় অংশ নেবেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতারা।
একই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট ভবনের নিচতলায় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে জাতীয়তাবাদী ছাত্রদল আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
ছাত্রদলের বিবৃতিতে বলা হয়, ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে বর্বর সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের মেধাবী দেশপ্রেমিক শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ৭ম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিএনপি সরকারের পররাষ্ট্রনীতি: আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য; এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় অখণ্ডতা সুরক্ষার অঙ্গীকার’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করেছে ছাত্রদল।
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আবরার ফাহাদতে নিয়ে এক চিত্রপ্রদর্শনীর করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। প্রদর্শনীতে তার জীবন, চিন্তাধারা ওস্মৃতির বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। তাছাড়া অন্যান্য সংগঠনগুলো দিনটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করছে।
২০১৯ সালের ৭ অক্টোবর গভীর রাতে বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শিক্ষার্থী আবরার ফাহাদকে শেরেবাংলা হলের একটি কক্ষে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় বুয়েটের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আন্দোলন শুরু হলে একপর্যায়ে বুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতি অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।