বছর ঘুরতেই ফের মা হচ্ছেন কিয়ারা

ঘরে আছে এক বছরের কন্যা সারায়াহ, আর এরই মাঝে ফের একরাশ আনন্দ ভেসে এল বলিউড তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার ঘরে! ভক্ত ও অনুরাগীদের চমকে দিয়ে জীবনের এক নতুন এবং খুশির খবর শোনালেন এই জনপ্রিয় জুটি। তারা জানান, খুব তাড়াতাড়ি তাদের পরিবারে আসতে চলেছে দ্বিতীয় অতিথি! সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে একটি ভীষণ মিষ্টি ছবি পোস্ট করে এই সুখবরটি সকলের সঙ্গে ভাগ করে নেন সিড-কিয়ারা।  ছবিটিতে দেখা যাচ্ছে—কিয়ারা ও সিদ্ধার্থের সঙ্গে তাঁদের এক বছরের একরত্তি মেয়ে সারায়াহর ছোট্ট হাতের ছোঁয়া, আর তাদের হাতের তালুতে রাখা রয়েছে উলের বোনা একজোড়া খুদে মোজা। ছবিটি শেয়ার করে আবেগঘন বার্তা দিয়ে তাঁরা লিখেছেন, ‘ঈশ্বর আমাদের আরও একবার জীবনের সবথেকে সুন্দর উপহারে আশীর্বাদধন্য করলেন। আমাদের মন এখন শুধু ভালবাসা আর কৃতজ্ঞতায় ভরে উঠেছে।’

সংবাদটি সামনে আসতেই বলিউডজুড়ে যেন উৎসবের হাওয়া বইতে শুরু করেছে। খবরটি শুনেই উচ্ছ্বসিত করণ জোহর কমেন্টে লিখেছেন, ‘অনেক অনেক ভালবাসা তোমাদের!”, করিনা কাপুর লিখলেন, আবার মা-বাবা! দারুণ ব্যাপার”, এর পাশাপাশি আথিয়া শেঠি, ভূমি পেডনেকার এবং ফ্যাশন ডিজাইনার মনীশ মলহোত্রার মতো তারকারাও নবদম্পতিকে ভালবাসায় ও শুভকামনায় ভরিয়ে দিয়েছেন।

উল্লেখ্য, ২০২১ সালে 'শেরশাহ' ছবির শুটিং সেটেই একে অপরের প্রেমে পড়েন সিদ্ধার্থ ও কিয়ারা। পর্দায় তাঁদের প্রেম মন জয় করেছিল কোটি কোটি মানুষের। এরপর ২০২৩ সালের ফেব্রুয়ারিতে রাজস্থানে ধুমধাম করে চার হাত এক হয় তাদের। বিবাহের পর ২০২৫ সালের জুলাইয়ে জন্ম নেয় তাদের প্রথম কন্যাসন্তান সারায়াহ। কাকতালীয়ভাবে, প্রথম সন্তান আসার খবরও তারা এই একইভাবে উলের ছোট্ট মোজার ছবি শেয়ার করে জানান দিয়েছিলেন!