অনুমোদিত বৈদেশিক ঋণের অর্থ সংরক্ষণ ও ব্যবহারের জন্য বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানকে বৈদেশিক মুদ্রার (এফসি) হিসাব খোলার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (৭ অক্টোবর) এ বিষয়ে সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
সার্কুলারে বলা হয়েছে, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো যোগ্য ঋণগ্রহীতার নামে এফসি হিসাব খুলতে পারবে। এ হিসাবে রাখা অর্থ অনুমোদিত ঋণের শর্ত অনুযায়ী আমদানি ব্যয় ও প্রকল্প বাস্তবায়নের প্রয়োজনীয় সেবা ব্যয় পরিশোধে ব্যবহার করা যাবে। স্থানীয় ক্রয়ের ক্ষেত্রেও অনুমোদনের শর্ত অনুযায়ী বৈদেশিক মুদ্রা টাকায় ভাঙানো যাবে।
এডি ব্যাংকগুলোকে বৈদেশিক ঋণের অর্থ ব্যবহারের তথ্য প্রতি তিন মাস পরপর বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগে (এফইআইডি) নির্ধারিত ফরমে জানাতে হবে। ঋণের অর্থ ব্যবহার শেষ হলে হিসাব বন্ধ করতে হবে। তবে ঋণ পরিশোধের জন্য অর্থ সংরক্ষণের প্রয়োজন হলে ঋণের মেয়াদ পর্যন্ত হিসাব চালু রাখা যাবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ইনভেস্ট বাংলাদেশ অথরিটি (আইবিএ), বাংলাদেশ ব্যাংক ও এসসিএনসিএল অনুমোদিত বৈদেশিক ঋণের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে। নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে।