এশিয়ান ইউনিভার্সিটিতে ‘হৃদয়ে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে (এইউবি) ‘হৃদয়ে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের আশুলিয়াস্থ স্থায়ী ক্যাম্পাসের আয়েশা মেমোরিয়াল হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাতা উপাচার্য ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈনউদ্দিন বিপ্লব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এইউবির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোশাররফ হোসাইন ভূঁইয়া।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন এইউবির ভারপ্রাপ্ত ট্রেজারার প্রফেসর ড. এ. এস. এম. ইকবাল হোসেন এবং রেজিস্ট্রার মেজর (অব.) এম. এম. শাহ আলম।

‘হৃদয়ে বাংলাদেশ’ শীর্ষক এ আলোচনা সভায় ২০২৪ সালের জুলাই আন্দোলনকে ধারণ করে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এ সময় জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের স্মৃতিচারণ করেন এবং আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার শপথ নেন।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে নিজেদের দেশপ্রেমিক, দক্ষ ও নৈতিকভাবে উন্নত নাগরিক হিসেবে গড়ে তুলে দেশকে এগিয়ে নেওয়ার জন্য প্রস্তুত হতে হবে।

এইউবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক বলেন, ‘১৯৯৬ সাল থেকে এইউবি অবিরতভাবে দেশের জন্য দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলার কাজ করে যাচ্ছে। মাঝখানে দীর্ঘ সময় ফ্যাসিবাদের চোখ রাঙানিকে উপেক্ষা করে এশিয়ান ইউনিভার্সিটি তার সার্বিক শিক্ষা কার্যক্রম চালিয়ে গেছে। আগামীতেও উচ্চশিক্ষার বাতিঘর হিসেবে তার আলো বিতরণের এই ধারা অব্যাহত রাখবে।’

আলোচনা সভাকে ঘিরে এইউবি ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।