আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুরে পার্বতীপুরে ১৫০ মন্ডপে আইপি ও সিসি ক্যামেরা স্থাপন করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (৭ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভায় এবিষয়ে জানানো হয়। এতে প্রধান অতিথি ছিলেন পার্বতীপুর-ফুলবাড়ী এলাকার সংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হক।
সভায় পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ বলেন, হাজার বছরের কৃষ্টিতে রয়েছে আমাদের এই দুর্গাপূজা। শান্তিপূর্ণভাবে উদযাপিত হয় সেই লক্ষ্য আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী সর্বদা মাঠে থাকবে। এবার উপজেলায় ১৫০টি দুর্গাপূজা হবে। প্রতিটি মণ্ডপে আইপি (ইন্টারনেট প্রোটোকল) ও সিসি ক্যামেরা। অগ্নিনির্বাপক যন্ত্র রাখতে হবে। প্রতিটা মণ্ডপে রাত ১২ টার পর স্বেচ্ছাসেবক নিশ্চিত করতে হবে। প্রত্যেক পুজা মন্ডপে নারী-পুরুষের আলাদা আলাদা বর্হিগমনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। মাঠে থাকবে পুলিশ, আনসার ভিডিপি, বিজিবি ও এসআরবি। মন্ডপগুলো পর্যবেক্ষনে থাকছে ট্যাগ অফিসার। সার্বিক বিষয়ে পর্যবেক্ষণে থাকছে মনিটরিং সেল।
পার্বতীপুর উপজেলা প্রকল্প বাস্তবয়ন কর্মকর্তা মো. ছানা উল্লাহ জানিয়েছেন, বর্তমান সরকার এবার প্রতিটা পুজা মন্ডপে ৬০০ কেজি করে চাল বরাদ্দ দিয়েছে। বিগত সময়ে ৫০০ কেজি করে বরাদ্দ ছিল। আগামী ১২ অক্টোবর এসব বরাদ্দ প্রতিটা মণ্ডপে দেওয়া হবে।
সভায় আরও বক্তব্য রাখেন পার্বতীপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম শাহ, পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. ওয়াদুদ, পার্বতীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ছানা উল্লাহ, ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হেমায়েত কবির, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির পার্বতীপুর উপজেলা শাখার সভাপতি কৈলাশ প্রশাদ সোনার ও সাধারণ সম্পাদক দিপেশ চন্দ্র সিংহ, পৌর শাখার সভাপতি প্রদীপ দত্ত প্রমুখ। এছাড়া এতে উপস্থিত ছিলেন উপজেলার ১০ ইউনিয়ন এবং এক পৌরসভার সভাপতি ও সাধারণ সম্পাদকরা।