মেঘনা ব্যাংকের ‘বাংলা কিউআর’ পেমেন্ট সেবা চালু

সমন্বিত ডিজিটাল পেমেন্ট সুবিধা সম্প্রসারণ এবং ‘ক্যাশলেস বাংলাদেশ’ গঠনের লক্ষ্যে ‘বাংলা কিউআর’ পেমেন্ট সেবা চালু করেছে মেঘনা ব্যাংক পিএলসি। মেঘনা-পে অ্যাপের মাধ্যমে এ সেবা চালু করা হয়েছে।

সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মেঘনা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিজানুর রহমান ‘বাংলা কিউআর’ পেমেন্ট সেবার উদ্বোধন করেন।

এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ছাদেকুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক মোমতাজুল করিম এন আহমেদসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন এ সেবার মাধ্যমে মেঘনা ব্যাংকের গ্রাহকরা এখন মেঘনা-পে অ্যাপ ব্যবহার করে যেকোনো মার্চেন্টের ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে স্মার্টফোনের মাধ্যমে সরাসরি পণ্য ও সেবার মূল্য পরিশোধ করতে পারবেন। এর ফলে গ্রাহকদের দৈনন্দিন লেনদেন আরও সহজ, দ্রুত ও সুবিধাজনক হবে।