উচ্চশিক্ষায় কৃতিত্বের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষার্থী। ২০১৯, ২০২০ ও ২০২১ সালের জন্য তাদের চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. মোশাররফ হোসেন এ তথ্য জানান।
মো. মোশাররফ হোসেন বলেন, ২০১৯, ২০২০ ও ২০২১ সালের প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে মনোনীত শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা অনুমোদন ও প্রকাশ করেছে ইউজিসি।
ইউজিসির তালিকা অনুযায়ী, ২০১৯ সালের জন্য পাঁচজন, ২০২০ সালের জন্য পাঁচজন এবং ২০২১ সালের জন্য ছয়জন শিক্ষার্থী মনোনীত হয়েছেন। তিন বছরে মোট ১৬ শিক্ষার্থী এই স্বীকৃতির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন।
২০১৯ সালের জন্য মনোনীত পাঁচজন হলেন—বিজ্ঞান অনুষদের পরিসংখ্যান বিভাগের সোনিয়া আক্তার, কলা ও মানবিক অনুষদের ইংরেজি বিভাগের নূর-ই-জাহান তাহিন, সামাজিক বিজ্ঞান অনুষদের প্রত্নতত্ত্ব বিভাগের তাসলিমা আক্তার, প্রকৌশল অনুষদের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের তাসফিয়া সালাম এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের রিপা আক্তার।
২০২০ সালের জন্য মনোনীত হয়েছেন বিজ্ঞান অনুষদের রসায়ন বিভাগের মাহিমা সুলতানা সরকার, কলা ও মানবিক অনুষদের বাংলা বিভাগের তৈয়বুন নাহার, সামাজিক বিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগের হেলাল উদ্দিন, প্রকৌশল অনুষদের আইসিটি বিভাগের মুক্তা আক্তার এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ফারজানা আক্তার।
২০২১ সালের জন্য মনোনীত ছয়জন হলেন—বিজ্ঞান অনুষদের পরিসংখ্যান বিভাগের তানজিনা আক্তার, কলা ও মানবিক অনুষদের বাংলা বিভাগের নাজনীন সুলতানা, সামাজিক বিজ্ঞান অনুষদের প্রত্নতত্ত্ব বিভাগের সাবিকুন্নাহার, প্রকৌশল অনুষদের আইসিটি বিভাগের নাহিদা আক্তার, ব্যবসায় শিক্ষা অনুষদের হিসাববিজ্ঞান বিভাগের আমেনা আক্তার এবং আইন অনুষদের আইন বিভাগের নিশি আক্তার।
ডেপুটি রেজিস্ট্রার মো. মোশাররফ হোসেন জানান, ২০২২, ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে মনোনীত শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা তৈরির প্রক্রিয়া এখনো চলছে।
তিনি বলেন, এসব বছরের চূড়ান্ত তালিকা ইউজিসি প্রকাশ করলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আরও শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হওয়ার সুযোগ পাবেন।