শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে সারাদেশে প্রতিমা নির্মাণস্থান, পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শনসহ আগাম নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

মাঠপর্যায়ে বাহিনীর সদস্যরা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, মন্দির কর্তৃপক্ষ এবং প্রতিমা নির্মাণের সঙ্গে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করছেন। এসব মতবিনিময়ে প্রতিমার নিরাপত্তা, পূজা উদযাপনকালীন আইনশৃঙ্খলা এবং পূজা উদযাপন কমিটি ও আনসার-ভিডিপি সদস্যদের দায়িত্ব-কর্তব্যের বিষয়গুলো উঠে আসে।

বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা ও প্রশিক্ষকদের তত্ত্বাবধানে ভাতাভোগী আনসার-ভিডিপি সদস্যরা এ কার্যক্রম পরিচালনা করছেন।

পরিদর্শনকালে পূজামণ্ডপের নিরাপত্তা, প্রবেশ ও বহির্গমন ব্যবস্থাপনা, আলোকসজ্জা ও অগ্নিনিরাপত্তাসহ সার্বিক বিষয়ে সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের ওপরও গুরুত্বারোপ করা হচ্ছে।

এ ছাড়া পূজাকালীন দায়িত্ব পালনকারী আনসার সদস্যদের আবাসন ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পূজা উদযাপন কমিটিগুলোকে অনুরোধ করা হচ্ছে। একই সঙ্গে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সমন্বিত পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করা হচ্ছে।

শারদীয় দুর্গাপূজাকে ঘিরে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দেশের বিভিন্ন পূজামণ্ডপে দায়িত্ব পালনের জন্য আনসার-ভিডিপির সদস্যদের প্রস্তুত রাখা হচ্ছে। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপদ ও শান্তিপূর্ণ পূজা উদযাপন নিশ্চিত করতে সারাদেশে আনসার-ভিডিপির এ আগাম প্রস্তুতি ও মাঠপর্যায়ের তৎপরতা অব্যাহত রয়েছে।