আফগান স্পিনারদের নিয়ে সতর্ক বাংলাদেশ

দুবাই থেকে আবুধাবিতে পৌছে সেখানে আজ প্রথমদিনের মতো অনুশীলন করে বাংলাদেশ দল। আগামী শুক্রবার থেকে শুরু হতে যাওয়া একমাত্র টেস্টের আগে আফগানিস্তানের স্পিনারদের সামলাতে আলাদা প্রস্তুতি নিচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। যদিও দলের প্রধান কোচ ফিল সিমন্স স্পোর্টিং উইকেট উইকেটের প্রত্যাশা করছেন, তবে স্পিন নিয়েও বাড়তি সতর্কতা তার কণ্ঠে।

বুধবার আবুধাবিতে দলীয় অনুশীলনের ফাঁকে উইকেট নিয়ে নিজের মতামত তুলে ধরে এক ভিডিও বার্তায় সিমন্স বলেন, ‘আমি উইকেটটি দেখছি। ভালোই মনে হচ্ছে। কিছুটা ধীরগতির হতে পারে, তবে সামগ্রিকভাবে উইকেটটি বেশ ভালো মনে হচ্ছে। তাই আমরা একটি ভালো উইকেটের জন্যই প্রস্তুতি নিচ্ছি। আমরা জানি যে, আমাদের এখানে কয়েকজন স্পিনারকে মোকাবেলা করতে হবে, তাই আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। আমাদের প্রস্তুতি ভালো হয়েছে, ছেলেরা কঠোর পরিশ্রম করেছে।’

আফগানিস্তানের শক্তির জায়গা যে স্পিন, সেটি অজানা নয় বাংলাদেশের। আবুধাবির কন্ডিশনে সেই স্পিন আক্রমণ আরও কার্যকর হয়ে উঠতে পারে, এমন ভাবনা থেকেই ব্যাটারদের প্রস্তুতিতেও বিষয়টি গুরুত্ব পাচ্ছে। তবে কন্ডিশন নিয়ে ভাবতে হচ্ছে সফরকারীদের।

জাপানে এশিয়ান গেমস খেলে আসা দলের ছয় ক্রিকেটার আজ আবুধাবিতে প্রথমবারের মতো অনুশীলন করেন। লিটন দাস, তানজিদ হাসান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমানরা অন্য সতীর্থদের তুলনায় প্রস্তুতির সময় কম পাচ্ছেন। তার ওপর জাপানের তুলনায় আবুধাবির তীব্র গরমে দ্রুত মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জও আছে।

সিমন্সের কথাতেও সেই উদ্বেগ স্পষ্ট, ‘এই মুহূর্তে এটিই একমাত্র সমস্যা যে ছেলেরা জাপান থেকে এসেছে, সেখানে তাদের খুব বেশি কিছু করার ছিল না। তারপর এই আবহাওয়াতে এসে, মাত্র দুই দিনের মধ্যে মানিয়ে নিতে হচ্ছে। এটা নির্ভর করে তারা কীভাবে মানিয়ে নেয় তার ওপর। কারণ দিনশেষে এটি একটি মানসিক বিষয়। তবে আজ গরমের মধ্যে তাদের প্রথম দিন হিসেবেও বেশ ভালোই মনে হয়েছে।’