রাষ্ট্রায়ত্ত ব্যাংকে নতুন বেতন স্কেল বাস্তবায়নের উদ্যোগ

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকসহ দুটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নতুন জাতীয় বেতন স্কেলে কর্মকর্তা কর্মচারীদের অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এ জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে নতুন বেতন স্কেলের গেজেট পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। গতকাল বুধবার আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ গত ১৭ সেপ্টেম্বর স্বশাসিত (পাবলিক বডিজ) ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর জন্য জাতীয় বেতন স্কেল-২০২৬-এর গেজেট জারি করেছে। গেজেটটির এসআরও নম্বর ৩৪৮-আইন/২০২৬। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এর কপি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে পাঠানো হয়েছে।

গেজেটটি সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

এ ছাড়া দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমির পরিচালকের কাছেও গেজেটের কপি পাঠানো হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের একান্ত সচিবকেও বিষয়টি অবগত করা হয়েছে। জাতীয় বেতন স্কেল-২০২৬ সংক্রান্ত গেজেট গত ১৭ সেপ্টেম্বর জারি করা হয়।