চট্টগ্রাম ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় মেসির বিদায়ী ম্যাচ

আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামেন ফুটবল জাদুকর আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। প্রিয় তারকাকে শেষবারের মতো আকাশি-সাদা জার্সিতে দেখার জন্য প্রায় ৮৫ হাজার দর্শক আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের এস্তাদিও মনুমেন্তাল স্টেডিয়ামে হাজির হন। টেলিভিশনের পর্দায় চোখ রাখেন বিশ^জুড়ে থাকা কোটি কোটি ভক্ত। ৩৯ বছর বয়সী মেসির শেষ ম্যাচ ঘিরে কয়েক হাজার কিলোমিটার দূরের বাংলাদেশেও তৈরি হয় ব্যাপক আগ্রহ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ড্যাফোডিল বিশ^বিদ্যালয়ে বড় পর্দায় লিওনেল মেসির বিদায়ী ম্যাচ দেখেছেন আর্জেন্টিনা ও মেসিভক্ত শিক্ষার্থীসহ ফুটবলপ্রেমীরা।

গতকাল বুধবার আর্জেন্টিনার জার্সিতে ফুটবল জাদুকরের শেষ ম্যাচ দেখার জন্য বিশেষ আয়োজন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচটিই ছিল লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়। প্রীতি ম্যাচ হলেও চবির দর্শকদের কাছে সেটি যেন ছিল এক আবেগের বিদায়বেলা। প্রিয় ‘১০ নম্বর’কে শেষবারের মতো মাঠে দেখতে ভোররাতেই শহীদ মিনারে জড়ো হয়ে কেউ নীরবে তাকিয়ে ছিলেন পর্দায়, কেউবা প্রিয় তারকার স্মৃতিচারণে ডুবে ছিলেন। খেলা গড়ানোর সঙ্গে সঙ্গে উচ্ছ্বাস আর আবেগে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। চবির শহীদ মিনারেও যেন মুহূর্তের জন্য থমকে যায় সময়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী অঙ্কন ধর বলেন, মেসির খেলা দেখেই বেড়ে ওঠা। আজ তাকে শেষবারের মতো আর্জেন্টিনার জার্সিতে দেখে মনে হচ্ছে, নিজের শৈশব-কৈশোরের একটা অধ্যায়ও যেন শেষ হয়ে গেল। মেসি আমাদের বাকি জীবনের গল্প হয়ে রইলেন।

বুয়েন্স আয়ার্সের বিখ্যাত এস্তাদিও মনুমেন্তালে যখন মেসি শেষবারের মতো আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠে দাঁড়ালেন, হাজারো দর্শকের ভালোবাসায় বিদায় নিলেন ফুটবলের এই মহাতারকা। আর হাজার মাইল দূরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারেও একই সময়ে তৈরি হলো আরেকটি ছোট্ট ‘বিদায়ের মঞ্চ’। বাঁশির শব্দে শুধু একটি খেলা শেষ হয়নি। শেষ হয়েছে এক কিংবদন্তির ছুটে চলা। কিন্তু কোটি ভক্তের হৃদয় থেকে তার বিদায় কখনো নয়।

অন্যদিকে আর্জেন্টিনার জার্সি গায়ে মেসির বিদায়ী ম্যাচ বড়পর্দায় দেখালো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ড্যাফোডিলের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মুহূর্তটি স্মরণীয় করে রাখতে অ্যাম্বাসি টিম নিয়ে হাজির হন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। সবার সঙ্গে গলা মিলিয়ে মেসি এবং আর্জেন্টিনার প্রতি ভালোবাসা জানান তিনিও।