এলজিআরডিমন্ত্রী বললেন

ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা জোরদার করবে বাংলাদেশ

ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের উন্নয়ন সহযোগিতা আরও জোরদার ও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। গতকাল বুধবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ মার্ক সেরে-শার্লে। এ সময় দুদেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশে ফ্রান্সের বিনিয়োগ বৃদ্ধি, চলমান উন্নয়ন প্রকল্পে সহযোগিতা জোরদার, নতুন প্রকল্পে সহায়তা এবং ব্যবসা-বাণিজ্যের পরিধি সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া ফ্রান্সের এয়ারবাস থেকে বাংলাদেশ সরকারের ১০টি উড়োজাহাজ কেনার বিষয়েও আলোচনা হয়। এ বিষয়ে মন্ত্রী ও রাষ্ট্রদূত সন্তোষ প্রকাশ করেন।

বৈঠকে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বাংলাদেশের অবকাঠামো, পানি সরবরাহ, স্যানিটেশন ও নগর ব্যবস্থাপনার উন্নয়নে ফ্রান্সের দীর্ঘদিনের সহযোগিতা গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এ সহযোগিতার পরিধি আরও বাড়ানোর মাধ্যমে দুই দেশের উন্নয়ন অংশীদারত্বকে নতুন মাত্রায় নেওয়া সম্ভব।

এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক শিবির বিচিত্র বড়ুয়াসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।