চাঁদাবাজির মামলায় অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক এসএম মোস্তাক আহমেদসহ তিন আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত। পাশাপাশি তাদের রিমান্ড শুনানির জন্য ১১ অক্টোবর দিন ধার্য করা হয়েছে। গতকাল বুধবার এ আদেশ দেয় ঢাকার একটি আদালত।
রাজধানীর তাঁতীবাজারে একটি স্বর্ণের দোকানে সিআইডি পরিচয়ে প্রবেশ করে অবৈধ হুন্ডি ব্যবসার অভিযোগ তুলে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক এসএম মোস্তাক আহমেদ, সিআইডিতে কর্মরত কনস্টেবল মো. হাসান শেখ এবং মো. আবুল কালাম আজাদকে ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা উভয় পক্ষের শুনানি শেষে ১১ অক্টোবর জামিন ও রিমান্ড শুনানি জন্য দিন ধায করেন। মামলার এজাহারে বলা হয়েছে, গত ৬ অক্টোবর মঙ্গলবার দুপুরে কোতোয়ালি থানার তাঁতীবাজার এলাকার ‘আশীর্বাদ’ নামে একটি স্বর্ণের দোকানে আসামিরা জোর করে প্রবেশ করেন। পরে দোকানের মালিক লিটন দেবের ভাই ও ছেলেকে সিআইডি পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে তাদের তুলে নিয়ে যাওয়ার হুমকিও দেওয়া হয়।