বৃদ্ধ মাকে ব্যবহার করে মেয়ের হেরোইন কারবার

রাজধানীর যাত্রাবাড়ীতে ১০০ গ্রাম হেরোইনসহ ৬৫ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। উদ্ধার করা হেরোইনের আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। গ্রেপ্তার হওয়া মাসুমা খাতুনের দাবি, তার মেয়ে তাহমিনার চাপ ও নির্দেশেই তিনি যশোর থেকে স্থলপথে এই হেরোইন ঢাকায় নিয়ে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, এর আগেও একই উপায়ে তিনি দুবার হেরোইন বহন করেছেন।

গতকাল বুধবার ডিএনসির সহকারী পরিচালক মো. মোস্তাক আহমেদ দেশ রূপান্তরকে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি, যশোর থেকে ঢাকাগামী নড়াইল এক্সপ্রেস বাসে করে এক নারী হেরোইন নিয়ে ঢাকায় আসছেন। পরে ডিএনসির একটি দল ধোলাইপাড় গোল চত্বর এলাকায় অবস্থান নেয়। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বাসটি থামিয়ে তল্লাশি চালানোর সময় মাঝের আসনে থাকা মাসুমা খাতুনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার কাছে হেরোইন থাকার তথ্য পাওয়া যায়। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। মাদক সরবরাহের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান চালাচ্ছে সংস্থাটি। আমরা তার মেয়েসহ তাদের সঙ্গে জড়িত সবাইকে নজরদারিতে রেখেছি। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুমা খাতুন জানান, তিনি যশোর থেকে হেরোইনের চালানটি ঢাকায় নিয়ে আসছিলেন। তার দাবি, মাদক পরিবহনের জন্য তাকে বিভিন্নভাবে চাপ দিতেন তার মেয়ে তাহমিনা। মেয়ের নির্দেশেই এবারও তিনি হেরোইন নিয়ে ঢাকায় আসেন। এর আগেও তিনি একইভাবে দুবার হেরোইন বহন করেছেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

ডিএনসির প্রাথমিক অনুসন্ধানে তাহমিনার যাত্রাবাড়ী এলাকায় মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তবে এসব তথ্য আরও যাচাই-বাছাই করা হচ্ছে। তাহমিনার অবস্থান শনাক্ত করে তাকে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

মোস্তাক আহমেদ আরও জানান, মাদক কারবারে অপেক্ষাকৃত বয়স্ক নারী কিংবা পরিবারের সদস্যদের ব্যবহার করা হচ্ছে কি না, তা বিশেষ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।