নীলফামারীর কিশোরগঞ্জে সরকারি নিয়ম অনুযায়ী ইউনিয়নপ্রতি সার ডিলার নিয়োগ প্রক্রিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। বঞ্চিত ব্যবসায়ী ও উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীদের অভিযোগ, ইউএনও নিজের মনগড়াভাবে আর্থিক সুবিধা নিয়ে সার ডিলার নিয়োগে সুপারিশ করেছেন। গতকাল বুধবার দুপুরে উপজেলার ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের হল রুমে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়। এ সময় বক্তারা বলেন, কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে সার পৌঁছে দিতে ডিলার নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম করা হয়েছে। তারা বলেন, উপজেলার ৯ ইউনিয়নে মোট ২৭ জনকে সুপারিশ করা হলেও তাদের কোনো যোগ্যতা যাচাই-বাছাই করা হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আর্থিক সুবিধা নিয়ে প্রকৃত ব্যবসায়ীদের বঞ্চিত করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির লোকদের সুপারিশ করে পাঠিয়েছেন। সেখানে প্রকৃত ব্যবসায়ী ও বিএনপির নেতাকর্মীদের বাদ দেওয়া হয়েছে বলেও তারা অভিযোগ করেন।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা পাটোয়ারি অভিযোগ করে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শুধু সার ডিলার নিয়োগে নয় প্রধানমন্ত্রীর দেওয়া ফ্যামিলি কার্ডেও ব্যাপক অনিয়ম করেছেন। তিনি বিএনপির কোনো নেতাকর্মীকে রাখেননি। বরং যারা ফ্যামিলি কার্ডের বিরোধিতা করেছিল তাদের নিয়োগ দিয়েছেন।