কথাসাহিত্যিক নাসরীন জাহানের চিকিৎসায় সহায়তার আহ্বান

কথাসাহিত্যিক নাসরীন জাহান যার সাহিত্য পড়ে আলোড়িত হয় হাজারও পাঠক, আজ তিনি হাসপাতালের বিছানায় শুয়ে জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন। ইউরিনারি ব্লাডার ক্যানসার ও জটিল কিডনি রোগে আক্রান্ত এ গুণী সাহিত্যিক বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। দীর্ঘ দেড় বছর ধরে অসুস্থতায় ভোগা নাসরীন জাহানের চিকিৎসার জন্য রাষ্ট্রীয় সহায়তার আহ্বান জানিয়েছে পরিবার।

গতকাল বুধবার নাসরীন জাহানের স্বামী কবি আশরাফ আহমদ দেশ রূপান্তরকে বলেন, নাসরীন জাহানের কেমোথেরাপি আপাতত বন্ধ রয়েছে। এরই মধ্যে ক্যানসার ছড়িয়ে পড়েছে। এ ছাড়া ইউরিনারি ব্লাডার ও দুটি কিডনি অস্ত্রোপচার করে ফেলে দিতে হবে।

তিনি বলেন, দেশের সংস্কৃতি ও সাহিত্যে নাসরীন জাহানের অবদান রয়েছে। আমরা চাই সরকার তার চিকিৎসার দায়িত্ব গ্রহণ করুক। তবে কেউ স্বপ্রণোদিত হয়ে ব্যক্তিগতভাবে সাহায্য করতে চাইলে আমরা তাও গ্রহণ করব।

এদিকে সামাজিক মাধ্যমে নাসরিন জাহানের চিকিৎসায় সহায়তার আহ্বান জানিয়েছেন লেখক ও প্রকাশকরা। সম্প্রতি সামাজিক মাধ্যমে এক পোস্টে কবি ফরিদ কবির লিখেছেন, নাসরীন জাহানের প্রধান পরিচয় কথাসাহিত্যিক হিসেবেই। এক বছরের বেশি সময় ধরেই সে ক্যানসারে ভুগছে, পাশাপাশি রয়েছে জটিল কিডনি রোগ। এই কঠিন সময়ে নাসরীনের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। বন্ধু ও স্বজনদের কাছে অনুরোধ চলুন আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিই।

সহায়তার আহ্বান জানিয়ে প্রকাশনা সংস্থা ‘অন্যপ্রকাশ’-এর প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম লিখেছেন আসুন, আমরা সবাই মিলে কথাশিল্পী নাসরীন জাহানের পাশে দাঁড়াই। এ মুহূর্তে আমাদের ছোট্ট সহযোগিতাও তার জন্য অনেক বড় ভরসা হতে পারে।

প্রসঙ্গত, আশির দশকের শুরুতে ছোটগল্পের মাধ্যমে সাহিত্যজগতে প্রবেশ করেন নাসরীন জাহান। প্রথম উপন্যাস ‘উড়ুক্কু’ প্রকাশের মাধ্যমে পাঠকমহলে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। পরে গল্প, উপন্যাস ও বৈচিত্র্যময় লেখনীর মধ্য দিয়ে বাংলা সাহিত্যে তিনি নিজস্ব এক বলয় নির্মাণ করেন। কাজের স্বীকৃতি হিসেবে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ বহু সম্মাননায় ভূষিত হয়েছেন।