মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদে লড়বেন হান্নান রহিম তালুকদার

আসন্ন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন চট্টগ্রাম সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক হান্নান রহিম তালুকদার।

তিনি দীর্ঘদিন ধরে ইউনিয়নের অবহেলিত মানুষের সুখে-দুঃখে পাশে থাকার পাশাপাশি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও মানবিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন।

ইউপি নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে পরৈকোড়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও বাজারে সাধারণ মানুষের সাথে গণসংযোগ, মতবিনিময় ও উঠান বৈঠক শুরু করেছেন তিনি।

একজন তরুণ ও উদীয়মান প্রার্থী হিসেবে সাধারণ ভোটারদের মাঝে তাকে নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আলোচনার ঝড় বইছে বলে জানা গেছে।

এ বিষয়ে হান্নান রহিম তালুকদার বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে আমাদের ইউনিয়নের অবহেলিত মানুষের অধিকার আদায়ে এবং তাদের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। পরিবার ও আত্মীয়স্বজনের পরামর্শে এবার পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার আশা করছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে এবং ইউনিয়নবাসী দোয়া ও সমর্থন দিলে, নির্বাচিত হয়ে নীতি ও সততার সাথে অসহায় হতদরিদ্র মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘পরৈকোড়া ইউনিয়নকে একটি আধুনিক, স্মার্ট, সন্ত্রাস ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই হবে আমার অঙ্গীকার।’

পরৈকোড়া ইউনিয়নের বিভিন্ন এলাকার স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা যায়, হান্নান রহিম তালুকদার একজন প্রতিবাদী, ন্যায়পরায়ণ ও আদর্শবান মানুষ। মানুষের সাথে মিশতে পারা তার অন্যতম গুণ। ইতোমধ্যে সাধারণ মানুষের মাঝে তার গ্রহণযোগ্য অবস্থান তৈরি হয়েছে। বিশেষ করে যুবসমাজ তাকে এলাকার ইতিবাচক পরিবর্তনের প্রতীক হিসেবে দেখতে চায়।

হান্নান রহিম তালুকদার সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও সম্পৃক্ত রয়েছেন। তিনি আনোয়ারা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য। বর্তমানে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সদস্যসচিব পদপ্রত্যাশী। এছাড়া তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন।

তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নেও সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি এলাকার শিক্ষা, সামাজিক স্বাস্থ্যসেবার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার কথা জানিয়েছেন তিনি।