মানি চেঞ্জারে একবারে ৩ হাজার ডলার বিক্রির সুযোগ

বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের জন্য মানি চেঞ্জারের মাধ্যমে একবারে সর্বোচ্চ ৩ হাজার মার্কিন ডলার বিক্রির সুযোগ দেওয়া হয়েছে। এতদিন একবারে সর্বোচ্চ ২ হাজার ডলার বিক্রির সুযোগ ছিল। বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার (৮ অক্টোবর) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা হয়েছে, বৈধ লাইসেন্সধারী মানি চেঞ্জারগুলো বার্ষিক ব্যক্তিগত ভ্রমণ কোটার বিপরীতে বিদেশগামী বাংলাদেশি নাগরিকের কাছে একবারে সর্বোচ্চ ৩ হাজার মার্কিন ডলার নোট ও কয়েন আকারে বিক্রি করতে পারবে। এর আগে এই সীমা ছিল ২ হাজার ডলার।

তবে ভ্রমণ কোটার অবশিষ্ট অর্থ গ্রাহকের প্রাপ্যতা অনুযায়ী অন্যান্য অবাধে বিনিময়যোগ্য বা ব্যবহারযোগ্য মুদ্রায় নোট ও কয়েন আকারে বিক্রি করা যাবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ ক্ষেত্রে মানি চেঞ্জারগুলোর জন্য প্রযোজ্য অন্যান্য বিধান অপরিবর্তিত থাকবে। সংশ্লিষ্ট গ্রাহকদের বিষয়টি জানাতে মানি চেঞ্জারগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।