কয়রায় ১৪ দিন ধরে নিখোঁজ বৃদ্ধ, সন্ধান চান পরিবার

খুলনার কয়রায় বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর ১৪ দিন ধরে নিখোঁজ রয়েছেন বয়োবৃদ্ধ আমজাদ হোসেন মোল্লা (৬০)। পরিবারের সদস্যরা  সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও এখনো তার সন্ধান পাননি।

আমজাদ হোসেন উপজেলার শিমলারআইট খেজুরডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি মৃত রুহুল আমিন মোল্লার ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, আমজাদ হোসেন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। গত ২৫ সেপ্টেম্বর অন্তাবুনিয়া বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন তিনি। এরপর আর বাড়িতে ফেরেননি।  

আমজাদের ছেলে জাকারিয়া বলেন, ‘আমার বাবা মানসিকভাবে অসুস্থ। তিনি খুব বেশি কথা বলতে পারেন না। এত দিন ধরে তার কোনো সন্ধান না পাওয়ায় আমরা খুব দুশ্চিন্তায় আছি।’ পরিবার জানিয়েছে, নিখোঁজ হওয়ার সময় আমজাদের পরনে ছিল ফতুয়া ও লুঙ্গি।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম বলেন, বয়োবৃদ্ধ আমজাদ হোসেনের সন্ধানে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। কেউ তার সন্ধান পেলে দ্রুত প্রশাসন অথবা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করেন তিনি।