নেত্রকোনায় যুবকের মরদেহ উদ্ধার

নেত্রকোনার মদন পৌরসভার পুকুর থেকে মিজানুর রহমান নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে মদন পৌরসভার বৈশ্যপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

মৃত মিজানুর রহমান (২৫) মদন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রোকন মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, দুপুরে ওই এলাকার বিকাশ বৈশ্যের পুকুর থেকে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে মদন থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

মৃত বাবা রোকন মিয়া বলেন, আমার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। তাকে ভালো করার অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি। আজ জানতে পারলাম পানিতে পড়ে সে মারা গেছে। এ বিষয়ে আমাদের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এবিষয়ে পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।