নড়াইল জেলা যুবলীগের সভাপতি ভিপি মাসুম গ্রেপ্তার

নড়াইল জেলাযুবলীগের সভাপতি ও সাবেক ভিপি অ্যাডভোকেট গাউসুল আজম মাসুমকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে আদালত সড়ক থেকে তাকে গ্রেপ্তার করে। এ সময় তিনি আইন পেশায় নিয়োজিত ছিলেন। 

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে নাশকতার দুইটি মামলা রয়েছে। 

জানা গেছে, গাউসুল আজম প্রতিদিনের মতো আদালতে আইন পেশায় নিয়োজিত ছিলেন। নিজ চেম্বার থেকে রাস্তার সামনে আসলে সাদা পোষাকধারী পুলিশ তাকে গ্রেপ্তার করে। এসময় মাসুমের হাতে হ্যান্ডকাপ পরিয়ে মোটরসাইকেলে তুলে থানায় নিয়ে যান।

সদর থানার পরিদর্শক অজয় কুমার কুণ্ডু বিষয়টি নিশ্চিত করে বলেন, গাউসুল আজম মাসুমের বিরুদ্ধে নাশকতার দুইটি মামলা রয়েছে। থানার আইনগত কার্যক্রম শেষ করে তাকে আদালতে পাঠানো হবে।

গাউসুল আজম মাসুম ছাত্র জীবনে জেলা ছাত্রলীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। সর্বশেষ তিনি জেলা যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।