চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু হচ্ছে কাল

যানজট ও পরিবেশদূষণ কমিয়ে নগরবাসীর জন্য নিরাপদ ও পরিবেশবান্ধব যাতায়াতে চট্টগ্রামে নির্মিত দেশের প্রথম সাইকেল ট্র্যাক শুক্রবার (৯ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৭ অক্টোবর) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে নবনির্মিত সাইকেল ট্র্যাক ঘুরে দেখেন সিটি করপোরেশনের শীর্ষ কর্মকর্তারা।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘চট্টগ্রামকে আধুনিক, পরিচ্ছন্ন, বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগর হিসেবে গড়ে তুলতে আমরা পরিকল্পিতভাবে কাজ করছি। বাংলাদেশের প্রথম সাইকেল ট্র্যাক উদ্বোধনের মধ্য দিয়ে চট্টগ্রামের নগর ব্যবস্থাপনায় একটি নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। এটি শুধু একটি সাইকেল চলাচলের পথ নয়, বরং পরিবেশবান্ধব ও স্বাস্থ্যকর নগরজীবনের দিকে আমাদের অগ্রযাত্রার প্রতীক।’

নগরবাসী-পর্যটকদের জন্য নিরাপদ, আরামদায়ক ও পরিবেশবান্ধব যোগাযোগব্যবস্থা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, সাইকেল চলাচলের জন্য পৃথক লেন থাকায় একদিকে সাইকেল আরোহীদের নিরাপত্তা বাড়বে, অন্যদিকে নগরীতে পরিবেশবান্ধব যাতায়াতের সুযোগ সম্প্রসারিত হবে। একই সঙ্গে নগরবাসীর মধ্যে স্বাস্থ্যসচেতন ও সক্রিয় জীবনযাপনের প্রবণতাও বৃদ্ধি পাবে।

তরুণ প্রজন্মকে সাইকেল ব্যবহারে উৎসাহিত করা কথা উল্লেখ করে মেয়র বলেন, নিরাপদ সাইকেল চলাচলের পরিবেশ তৈরি হলে সাইকেল ব্যবহারের প্রবণতা বাড়বে, যানজট ও দূষণ কমবে এবং নাগরিকদের স্বাস্থ্যকর জীবনযাপনে উৎসাহিত করা সম্ভব হবে।

চসিক জানায়, চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতাধীন ‘চট্টগ্রাম এয়ারপোর্ট রোড সম্প্রসারণ ও অন্যান্য ভৌত অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় বিমানবন্দর সড়কের উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হয়েছে। চার লেনবিশিষ্ট প্রায় ২ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ সড়কের দুইপাশে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন ফুটপাত। সড়কের মাঝখানে কার্বস্টোন দিয়ে মিড আইল্যান্ড এবং এক পাশে ল্যান্ডস্কেপিং ওয়াকওয়ের সঙ্গে সাইকেল ট্র্যাক নির্মাণ করা হয়েছে। ফলে সড়কটি শুধু যান চলাচলের উপযোগীই হবে না, বরং নগরীর সৌন্দর্য ও পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রেও নতুন মাত্রা যোগ করবে।

এসময় মেয়রের সঙ্গে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী বোরহান উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী মো. আলী, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া ও মেয়রের একান্ত সচিব (অ. দা.) আজিজ আহমদ।