মৌলভীবাজারের রাজনগরে একটি ওয়াজ মাহফিলে প্রকাশ্য নিলামে চারটি (এক হালি) কমলা বিক্রি হয়েছে ৫০ হাজার টাকায়। একই নিলামে আধা কেজি খেজুর বিক্রি হয়েছে ১৫ হাজার টাকায়।
বুধবার (৭ অক্টোবর) রাতে রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের মরিচা মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিলে ব্যতিক্রমী এই নিলামের আয়োজন করা হয়। মাদরাসার উন্নয়ন ও আর্থিক সহায়তার জন্য নিলামে ফলগুলো তোলা হয়। সর্বোচ্চ দামে কমলা ও খেজুরগুলো কিনে নেন যুক্তরাষ্ট্র প্রবাসী এক ব্যবসায়ী।
স্থানীয় ও মাদরাসা সূত্রে জানা যায়, বুধবার রাতে মরিচা মাদরাসায় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। রাত ১টার দিকে মাহফিলের প্রধান অতিথি ও শেষ বক্তা শায়খুল হাদিস মুফতি মশাহিদ আলী ক্বাসেমী বক্তব্য দেন। পরে মাদরাসার উন্নয়নের জন্য তহবিল সংগ্রহে চারটি কমলা প্রকাশ্য নিলামে তোলা হয়।
পাঁচ হাজার টাকা থেকে কমলার নিলাম শুরু হয়। একপর্যায়ে প্রবাসীদের মধ্যে দরকষাকষি শুরু হলে দাম বেড়ে ৫০ হাজার টাকায় পৌঁছায়। সর্বোচ্চ ৫০ হাজার টাকা দর দিয়ে এক হালি কমলা কিনে নেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী মো. আব্দুল মালিক রুকন। পরে তিনি আধা কেজি খেজুরও ১৫ হাজার টাকায় কিনে নেন।
নিলামের ক্রেতা যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মো. আব্দুল মালিক রুকনের ছেলে আব্দুল আজিজ সালমান বলেন, আমার বাবা মূলত মাদরাসার সহযোগিতার কথা চিন্তা করেই চড়া দামে ফলগুলো কিনেছেন। এছাড়া তিনি ওই মাহফিলে মাদরাসার উন্নয়নে প্রতি মাসে ৩ হাজার টাকা করে বছরে ৩৬ হাজার টাকা নিয়মিত অনুদান দেওয়ারও প্রতিশ্রুতি দেন।
মরিচা মাদরাসা কমিটির সভাপতি সোলেমান আহমেদ ও মুহতামিম হাফিজ মাওলানা ফখরুল ইসলাম শাহিন বলেন, সাধারণ মানুষের সহযোগিতায় মাদরাসাটি পরিচালিত হয়। বিগত কয়েক বছর ধরে তহবিল সংগ্রহের উদ্দেশ্যে ওয়াজ মাহফিলে বিভিন্ন ফল নিলামের আয়োজন করা হচ্ছে। এবার এক হালি কমলা ৫০ হাজার টাকা এবং আধা কেজি খেজুর ১৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। প্রতিষ্ঠানের শুভাকাঙ্ক্ষীরা দানের মানসিকতা নিয়েই নিলামে অংশ নেন।