অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধে রেলওয়ের তিন পদক্ষেপ

অবৈধ ওয়েবসাইট ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে ট্রেনের টিকিট কৃত্রিমভাবে ব্লক করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে কঠোর পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, সম্প্রতি ‘bookmyrailbd.com’ নামের একটি অননুমোদিত ও অবৈধ ওয়েবসাইট স্বয়ংক্রিয় বট (Automated BOT) ব্যবহার করে রেলওয়ের ই-টিকিটিং সিস্টেম থেকে বিপুলসংখ্যক টিকিট কৃত্রিমভাবে ব্লক করে তা অতিরিক্ত মূল্যে কালোবাজারে বিক্রি করছে।

রেলওয়ের দাবি, এ সাইবার অপরাধের কারণে সাধারণ যাত্রীরা ন্যায্য মূল্যে টিকিট পাচ্ছেন না এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। যাত্রীদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ রেলওয়ে ইতোমধ্যে তিনটি পদক্ষেপ নিয়েছে।

এর মধ্যে ই-টিকিটিং সিস্টেমের নিরাপত্তা জোরদার ও বট প্রতিরোধে জরুরি কারিগরি ব্যবস্থা নিতে টিকিটিং পার্টনার সহজ লিমিটেডকে নির্দেশ দেওয়া হয়েছে।

অবৈধ চক্রকে চিহ্নিত করে গ্রেপ্তার ও আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর পত্র পাঠানো হয়েছে। পাশাপাশি উক্ত ওয়েবসাইট, এর আইপি ও মোবাইল অ্যাপ বাংলাদেশ থেকে ব্লক করার জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ রেলওয়ে যাত্রীদের শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট ‘eticket.railway.gov.bd’ এবং ‘Rail Sheba’ অ্যাপ থেকে টিকিট কেনার অনুরোধ জানিয়েছে। কোনো অননুমোদিত মাধ্যম থেকে টিকিট কেনা থেকে বিরত থাকার পাশাপাশি টিকিট কালোবাজারির তথ্য থাকলে রেলওয়ে কর্তৃপক্ষকে অবহিত করার অনুরোধ করা হয়েছে।