স্বাস্থ্যসেবায় গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে আরোগ্যের সঙ্গে ব্র্যাক ব্যাংকের চুক্তি

ডেবিট ও ক্রেডিট কার্ডধারীদের বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা দিতে ঢাকার অন্যতম হেলথটেক স্টার্টআপ ও অনলাইন ফার্মেসি আরোগ্য লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক।

চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংকের কার্ডধারীরা আরোগ্য অ্যাপ বা ওয়েবসাইট থেকে যেকোনো কেনাকাটায় মোট বিলের ওপর ৭ দশমিক ৫ শতাংশ ডিসকাউন্ট পাবেন। এই ডিসকাউন্ট আরোগ্য প্ল্যাটফর্মে চলমান অন্যান্য অফারের পাশাপাশি অতিরিক্ত সুবিধা হিসেবে প্রযোজ্য হবে।

এ ছাড়া ল্যাব টেস্টের ক্ষেত্রে কার্ডধারীরা অতিরিক্ত ১০ শতাংশ ডিসকাউন্ট পাবেন। আরোগ্যের নিজস্ব ছাড় ও ব্যাংকের অফার মিলিয়ে গ্রাহকেরা ল্যাব টেস্টে সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর)  ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির হেড অব ক্রেডিট কার্ড মিথিলা আলমগীর জুহি, হেড অব ডেবিট কার্ড রাসিফ আল করিম এবং অন্যান্য কর্মকর্তারা।

আরোগ্য লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট (গ্রোথ) আহমেদ সাজিদ, পার্টনারশিপ লিড নিবরাস আব্দুল্লাহ করিম এবং বিজনেস ডেভেলপমেন্ট জুনিয়র এক্সিকিউটিভ শাহরিয়া রাফি।

চুক্তির বিষয়ে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম বলেন, “স্বাস্থ্যসেবা মানুষের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ। তাই মানসম্মত স্বাস্থ্যসেবা পাওয়াটা সহজ এবং সাশ্রয়ী হওয়া উচিত। আরোগ্যের মতো একটি নির্ভরযোগ্য ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে এই চুক্তির মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের জন্য স্বাস্থ্যসেবা সুবিধা আরও সহজ করতে চাই।”

ব্যাংক জানিয়েছে, বিভিন্ন কৌশলগত চুক্তি ও বিশেষ সুবিধার মাধ্যমে কার্ডধারীদের জীবনযাত্রাকে আরও সমৃদ্ধ করার প্রতিশ্রুতির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আরোগ্যের সঙ্গে এই যৌথ উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের জন্য স্বাস্থ্যসেবা সামগ্রী ও ডায়াগনস্টিক সেবা গ্রহণ আরও সুবিধাজনক ও সাশ্রয়ী করা হয়েছে।