দস্যু দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সুন্দরবনে সাঁড়াশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় কোস্ট গার্ড পশ্চিম জোনের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার শওকত আহমেদ।
তিনি জানান, সুন্দরবনের সক্রিয় সব বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে, একটি ডাকাতদল ডাকাতির উদ্দেশ্যে বাগেরহাটের মোংলা থানার সুন্দরবনের শেলা নদী ফরেস্ট অফিসসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
এ তথ্যের ভিত্তিতে গত ৭ অক্টোবর রাত ৮টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সশস্ত্র ডাকাত দলের সদস্যরা গহিন অরণ্যের ভেতরে পালিয়ে যেতে সক্ষম হয়।
পরে কোস্ট গার্ড সদস্যরা সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক তল্লাশি চালান। এ সময় অভিনব কায়দায় লুকিয়ে রাখা ছয়টি একনলা বন্দুক, তিনটি এয়ারগান, একটি পাইপগানের ট্রিগার এবং ১৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।