ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ফসলের মাঠে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মো. তোতা মিয়া (২৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা আরও দুজন বজ্রপাতের বিকট শব্দ ও আতঙ্কে অজ্ঞান হয়ে পড়েন। পরে তাদের জ্ঞান ফিরে আসে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল চারটার দিকে উপজেলার রাজিবপুর ইউনিয়নের উজানচর নওপাড়া (মাইজপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তোতা মিয়া ওই গ্রামের মো. ফজলুর রহমানের ছেলে।

স্থানীয় বাসিন্দা আজিজুল খান ও রাজিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানপ্রার্থী ফজলুল হক শিমুল বলেন, বিকেলে তোতা মিয়া, তার চাচাতো ভাই আব্দুস ছামাদ ও প্রতিবেশী মানিক মিয়া ফসলের মাঠে গরুর জন্য ঘাস কাটতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তোতা মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তারা আরও বলেন, ঘটনাস্থলের কাছাকাছি থাকা আব্দুস ছামাদ (২২) ও মানিক মিয়া (৩৩) বজ্রপাতের বিকট শব্দ ও আতঙ্কে জ্ঞান হারিয়ে ফেলেন। কিছুক্ষণ পর তাদের জ্ঞান ফিরে আসে। বর্তমানে তারা সুস্থ আছেন।

রাজিবপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. আব্দুস ছোবহান বিষয়টি নিশ্চিত করে বলেন, বজ্রপাতে তোতা মিয়ার মৃত্যু হয়েছে। তার সঙ্গে থাকা দুজনও অজ্ঞান হয়ে পড়েছিলেন। পরে তারা সুস্থ হয়ে ওঠেন।

ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, তোতা মিয়াকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। ধারণা করা হচ্ছে, হাসপাতালে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, ‘এ বিষয়ে কেউ কিছু জানায়নি। খোঁজখবর পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’