হাইওয়ে পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারত্বের পাশাপাশি নিজেদের পরিশুদ্ধ করে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) হাইওয়ে পুলিশের সিলেট রিজিয়নের আওতাধীন সিলেট হাইওয়ে সার্কেল অফিস ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান।
পরিদর্শনকালে হাইওয়ে পুলিশের প্রধান কল্যাণ সভায় অংশ নেন। সভায় হাইওয়ে পুলিশের কর্মকর্তা ও সদস্যরা তাদের বিভিন্ন বক্তব্য ও সমস্যার কথা তুলে ধরেন। তিনি মনোযোগ দিয়ে তাদের বক্তব্য শোনেন এবং সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
সভায় ফারুক আহমেদ বলেন, মহাসড়কে নির্বিঘ্ন ও নিরাপদ যান চলাচল নিশ্চিত করতে হাইওয়ে পুলিশের প্রতিটি সদস্যকে আরও দায়িত্বশীল ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারত্ব বজায় রাখার পাশাপাশি নিজেদের পরিশুদ্ধ করার ওপরও গুরুত্ব দেন তিনি।
পরে তিনি সিলেট হাইওয়ে সার্কেল অফিস ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পরিদর্শন করে বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে তিনি পরিদর্শন নোটে প্রয়োজনীয় নির্দেশনা ও মন্তব্য লিপিবদ্ধ করেন।
এ সময় উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু অতিরিক্ত আইজি) তারিক লতিফ, হাইওয়ে সিলেট সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. বদিউল আমীন চৌধুরী, সিলেট রিজিয়নের আওতাধীন বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।
কল্যাণ সভা শেষে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা প্রাঙ্গণে রামবুটান গাছের চারা রোপণ করেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ।