ডিএমপির পল্লবী ও রূপনগর থানায় নতুন ওসি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আটজন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মধ্যে দুজন পল্লবী ও রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।

আদেশ অনুযায়ী, ধানমন্ডি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিন পল্লবী থানার ওসি হয়েছেন। পল্লবী থানার বর্তমান ওসি মো. হাসান বাসিরকে স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে। 

যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) এ বি সিদ্দিক রূপনগর থানার ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন। রূপনগর থানার বর্তমান ওসি মো. নোমান হোসেনকে এসআরইউর সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।

এছাড়া শাহআলী থানার পরিদর্শক (তদন্ত) মীর রেজাউল ইসলামকে রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে ও রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) বাহালুল খানকে গোয়েন্দা-তেজগাঁও বিভাগে বদলি করা হয়েছে।

অন্যদিকে, গোয়েন্দা-ওয়ারী বিভাগের পরিদর্শক মীর মো. সাজ্জাদ হোসেনকে শাহআলী থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে এবং যাত্রাবাড়ী থানার পরিদর্শক (অপারেশন) এ কে এম মঈন উদ্দীনকে একই থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।