মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী ৩ নভেম্বর অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে কোনো হামলা চালাবে না যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তিনি দাবি করেছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ‘ফলপ্রসূ আলোচনা’ চলছে। খবর আনাদুলু এজেন্সি।

বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘আমরা ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করছি।’ তিনি স্পষ্ট করে বলেন, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন পর্যন্ত ইরানে কোনো হামলা চালানো হবে না।

তবে একই পোস্টে ট্রাম্প জানান, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ বহাল থাকবে।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর দুই দেশের মধ্যে সংঘাত তীব্র হয়। জবাবে ইরান বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। সংঘাতের প্রভাবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালির নৌ চলাচলও মারাত্মকভাবে ব্যাহত হয়। যুদ্ধের আগে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল এই প্রণালি দিয়ে পরিবহন করা হতো।

জুনে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর লক্ষ্য ছিল সংঘাত বন্ধ করে আলোচনার পথ তৈরি করা। কিন্তু হরমুজ প্রণালির নিরাপত্তা ও নৌ চলাচলসহ বিভিন্ন বিষয়ে মতবিরোধের কারণে সেই সমঝোতার বাস্তবায়ন থমকে আছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালি পুনরায় চালুর লক্ষ্যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বিভিন্ন প্রস্তাব বিনিময় হয়েছে। তবে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে এখনো দুই পক্ষের মধ্যে মতপার্থক্য রয়েছে।