নগদ ডলার বিক্রির সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশি নাগরিকদের বার্ষিক ব্যক্তিগত ভ্রমণ কোটার বিপরীতে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারদের নগদ মার্কিন ডলার নোট ও কয়েন বিক্রির সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়মে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারগুলোকে একবারে সর্বোচ্চ ৩ হাজার মার্কিন ডলারের নোট ও কয়েন আকারে বিক্রি করতে পারবে। এতদিন সর্বোচ্চ ২ হাজার ডলার বিক্রির সুযোগ ছিল। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে।

তবে ভ্রমণ কোটার অবশিষ্ট অর্থ গ্রাহকের প্রাপ্যতা অনুযায়ী অন্যান্য অবাধে বিনিময়যোগ্য বা ব্যবহারযোগ্য মুদ্রায় নোট ও কয়েন আকারে বিক্রি করা যাবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ ক্ষেত্রে মানি চেঞ্জারগুলোর জন্য প্রযোজ্য অন্যান্য বিধান অপরিবর্তিত থাকবে। সংশ্লিষ্ট গ্রাহকদের বিষয়টি জানাতে মানি চেঞ্জারগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।