বাংলাদেশের সরকারি ঋণ ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে গতকাল বৃহস্পতিবার প্রথমবারের মতো সরকারি সিকিউরিটিজ পুনঃক্রয় কার্যক্রম পরিচালিত হয়েছে। অর্থ বিভাগের পক্ষে বাংলাদেশ ব্যাংক এ কার্যক্রম পরিচালনা করে। সরকারি সিকিউরিটিজ বাইব্যাক হচ্ছে একটি আধুনিক ঋণ ব্যবস্থাপনা পদ্ধতি, যার মাধ্যমে সরকার বিদ্যমান সরকারি সিকিউরিটিজ মেয়াদপূর্তির পূর্বেই বাজার থেকে পুনঃক্রয় করতে পারে। এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত লায়াবেলিটি ম্যানেজমেন্ট অপারেশনের (এলএমও) অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ। অর্থ মন্ত্রালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এ কার্যক্রমের মাধ্যমে সরকারি ঋণের মেয়াদপূর্তিতে এককালীন অর্থ পরিশোধের চাপ হ্রাস, পুনঃঅর্থায়ন ঝুঁকি ব্যবস্থাপনা, ঋণ পরিশোধের সময়সূচি অধিকতর সুষমকরণ এবং সরকারি সিকিউরিটিজ বাজারের দক্ষতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি হবে। একইসঙ্গে এটি সরকারি ঋণ ব্যবস্থাপনাকে অধিকতর সক্রিয়, আধুনিক ও বাজারভিত্তিক করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অর্থ বিভাগ সরকারি ঋণের ব্যয় ও ঝুঁকির মধ্যে ভারসাম্য বজায় রাখা, ঋণের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং সরকারি সিকিউরিটিজ বাজারের উন্নয়নে বিভিন্ন সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে। প্রথমবারের মতো বাইব্যাক কার্যক্রম পরিচালনা এসব উদ্যোগের ধারাবাহিকতার একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।